শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার
শপথ গ্রহণের পর গত সাড়ে ছয় মাসে সরকারি অর্থের কোনো দুর্নীতি বা আত্মসাৎ করেননি বলে দাবি করেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। একই সঙ্গে অন্য সংসদ সদস্যদেরও দুর্নীতিমুক্ত থাকার বিষয়ে একই ধরনের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (১১ অক্টোবর) দেওয়া বক্তব্যে আমির হামজা বলেন, গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকে তিনি সরকারি অর্থের অপব্যবহার করেননি। জামায়াতে ইসলামীর ৬৮ জন সংসদ সদস্যও একই দাবি করতে পারবেন বলে জানান তিনি। বাকি ২১২ জন সংসদ সদস্য দুর্নীতি না করার বিষয়ে নিশ্চয়তা দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও উল্লেখ করেন।
দেশের চিনিশিল্পের সংকট তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে বছরে প্রায় ২০ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে উৎপাদন কম হওয়ায় বিপুল পরিমাণ চিনি আমদানি করতে হয়। বন্ধ চিনিকলগুলো চালু করা গেলে দেশীয় উৎপাদন বাড়ার পাশাপাশি আমদানিনির্ভরতা ও সিন্ডিকেটের প্রভাব কমতে পারে।
আমির হামজা আরও জানান, চিনিকলগুলোর প্রায় ৭২০ বিঘা জমি অব্যবহৃত রয়েছে। এসব সম্পদ কাজে লাগিয়ে চিনিশিল্পের উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।
কৃষি খাতের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, সার, বীজ, জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে কৃষকদের উদ্বেগ নিরসনে সরকারের আরও কার্যকর মনোযোগ প্রয়োজন। পাশাপাশি ক্ষমতায় টিকে থাকার জন্য দলীয় বিবেচনায় সুযোগ সুবিধা দেওয়ার প্রবণতারও সমালোচনা করেন তিনি।