ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে টাকা গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই কর্মচারীর টাকা গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণের কোনো আইনগত সুযোগ নেই। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের কর্মকাণ্ডকে দুর্নীতিপরায়ণতা হিসেবে বিবেচনা করা হয়েছে।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা আদেশটি ১১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
এদিকে, অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করতে হাজীগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত অভিযোগের বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।