রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন।
রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। এতে বলা হয়েছে, গত ১০ অক্টোবরের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে বাংলাদেশ মিশন। সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
চলমান সংকট নিরসনে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।