অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে অনলাইন গণমাধ্যমের গুরুত্ব বাড়ছে। এই সময়ে দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্যের যথার্থতা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
শনিবার (১৮ অক্টোবর) সকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি ডে উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অনলাইন সাংবাদিকরা সমাজের বিভিন্ন ঘটনা, সমস্যা, সম্ভাবনা এবং মানুষের সুখদুঃখের চিত্র তুলে ধরতে প্রতিনিয়ত কাজ করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় অনেক সময় তাঁদের পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ হয় না। এমন পরিস্থিতিতে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের একসঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ করে দেওয়া প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি ডে আয়োজন সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে নতুন উদ্দীপনা যোগাবে। একই সঙ্গে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং আন্তরিকতার সম্পর্ক আরও দৃঢ় হবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনলাইন সাংবাদিকতার প্রসঙ্গ তুলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রযুক্তির বিকাশে মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনলাইন মাধ্যমের প্রভাব বাড়ছে। সংবাদমাধ্যমও এর বাইরে নয়। এখন মানুষ অল্প সময়ের মধ্যেই দেশবিদেশের সর্বশেষ খবর জানতে পারছে। ফলে অনলাইন গণমাধ্যমের গুরুত্ব বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বও বেড়েছে।
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশে দ্রুততা প্রয়োজন হলেও তথ্য যাচাই, নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখার বিষয়গুলো সমান গুরুত্ব দিতে হবে। সিলেট অনলাইন প্রেসক্লাব সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে আয়োজনের বিষয়ে মন্ত্রী জানান, প্রতিবছরের মতো এবারও ক্লাবের সদস্যরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে তাঁর নির্বাচনী এলাকা জাফলং ও জৈন্তাপুর ভ্রমণে যাচ্ছেন। সাংবাদিকদের সঙ্গে এমন আনন্দঘন আয়োজনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, সময় ও সুযোগ হলে সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে একদিন আনন্দময় সময় কাটানোর চেষ্টা করবেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক টম সাইফুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল হোসেন আলমগীর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, তথ্যপ্রযুক্তি সম্পাদক কামরুল আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কামাল আহমদ, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না এবং কার্যকরী পরিষদের সদস্য সাদিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে ক্লাবের সাধারণ ও সহযোগী সদস্যদের পাশাপাশি সাংবাদিকদের পরিবারের সদস্যরাও অংশ নেন।
সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে পরিবারের সঙ্গে সময় কাটানো, পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই সিলেট অনলাইন প্রেসক্লাবের এই ফ্যামিলি ডে আয়োজন করা হয়।