রমজান মাস ইনসাফ ও ত্যাগের সমাজ গড়ার শিক্ষা দেয়: জয়নাল আবেদীন
জৈন্তাপুর সিলেট প্রতিনিধি ৬ মার্চ ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় চিকনাগুল স্পোর্টস জোন মিলনায়তনে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন রমজান মাস কেবল উপবাসের শিক্ষা দেয় না বরং এটি ইনসাফ ও ত্যাগের সমাজ গড়ার শিক্ষা দেয়। তিনি বর্তমান পরিস্থিতিতে প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন সাধারণ মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়িয়েই প্রমাণ করতে হবে যে জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। সমাজ থেকে জুলুম ও অবিচার দূর করে সৎ লোকের শাসন কায়েম করতে পারলেই জনগণের প্রকৃত মুক্তি মিলবে বলে তিনি উল্লেখ করেন।
চিকনাগুল ইউনিয়ন জামায়াতের সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এবি এম জাকারিয়া সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ এবং উপজেলা আমির গোলাম কিবরিয়া। এছাড়াও অনুষ্ঠানে সাবেক মেম্বার হাফেজ আবদুল মুসাব্বির ফরিদ সমাজসেবী রিয়াজুল ইসলাম লন্ডন প্রবাসী আলহাজ্ব আক্তার মোহাম্মদ চৌধুরী খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুল মতিন এবং সাবেক শিক্ষক সৈয়দ ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান জুবায়ের আহমদ ও মমতাজুল বারী মারুফসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীলরা এই আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই আয়োজনটি স্থানীয় নেতাকর্মীদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে যা পারস্পরিক সম্প্রীতি ও সেবার মানসিকতাকে আরও শক্তিশালী করবে।